দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকা, ৩১ আগস্ট ২০২৬: ৫ম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতা-২০২৬-এ পুরুষ ও নারী—উভয় বিভাগেই সাফল্য অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী ।
পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। উভয় দলই ৪টি করে স্বর্ণ ও ৪টি করে রৌপ্যপদক অর্জন করায় তাদের যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
অপরদিকে, নারী বিভাগে এককভাবে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
এ বিভাগে সেনাবাহিনীর খেলোয়াড়রা ৪টি স্বর্ণ ও ২টি রৌপ্যপদকসহ মোট ৬টি পদক অর্জন করেন। ২টি স্বর্ণ ও ১টি ব্রোঞ্জপদক নিয়ে বিজিবি রানার্স-আপ হয়।
বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের উদ্যোগ ও ব্যবস্থাপনায় গত ২৮ থেকে ৩০ আগস্ট রাজধানীর পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, বাংলাদেশ পুলিশ এবং ১৯টি জেলা ক্রীড়া সংস্থাসহ মোট ২২টি দল অংশ নেয়। বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৪৫০ জন পুরুষ ও নারী খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, পুরুষ ও নারী উভয় সিনিয়র বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর এ সাফল্য সেনাবাহিনীর তায়কোয়ানডো খেলোয়াড়দের দক্ষতা, কঠোর অনুশীলন ও ধারাবাহিক সাফল্যের প্রতিফলন।

