https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 31 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

১১ বছর পর নতুন জাতীয় বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার

admin
August 31, 2026 11:14 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল ২০২৬ মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। নতুন কাঠামোয় আগের মতোই ২০টি গ্রেড রাখা হয়েছে। এতে সর্বনিম্ন ২০তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডে নির্ধারিত বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য যৌথবাহিনী নির্দেশাবলী ২০২৬ অনুমোদন করা হয়েছে। নতুন বেতনস্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে।

জাতীয় বেতন কমিশন-২০২৫ এবং সশস্ত্রবাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদন পাওয়ার পর সুপারিশ প্রণয়নের জন্য সরকার একটি সচিব কমিটি গঠন করে। ওই কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে মন্ত্রিসভা নতুন বেতনস্কেল অনুমোদন করে। সরকারের আর্থিক সক্ষমতা, অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, সরকারি কর্মচারীদের জীবনমান এবং ভারসাম্যপূর্ণ বেতন কাঠামোর প্রয়োজনীয়তা বিবেচনায় নেওয়া হয়েছে।

নতুন কাঠামোয় বিদ্যমান ২০টি গ্রেডই বহাল রাখা হয়েছে। সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাত ১:১.৯৪৫ থেকে কমিয়ে ১:১.৭৮ করা হয়েছে। এতে সর্বনিম্ন গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডের নির্ধারিত বেতন ১০০ শতাংশ বাড়বে।

এক গ্রেড এক পেনশন ২০৩০ সালের মধ্যে

জাতীয় বেতন কমিশনের তথ্য অনুযায়ী, সরকারের নির্বাচনী ইশতেহারে ‘এক গ্রেড এক পেনশন’ বা One Rank One Pension (OROP) চালুর প্রতিশ্রুতি রয়েছে। সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রে এটি বাস্তবায়নের প্রয়োজনীয়তা বিবেচনা করা হয়েছে। তবে এর বিপুল আর্থিক ব্যয় এবং ২০১৯ সালের আগের অবসরপ্রাপ্ত বেসামরিক কর্মচারীদের তথ্য না থাকায় OROP পর্যায়ক্রমে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বিকল্প ব্যবস্থা হিসেবে কম পেনশন পাওয়া অবসরভোগীদের নিট পেনশন উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

– মাসে ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন বাড়বে ১০০ শতাংশ।
– ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশন বাড়বে ৭৫ শতাংশ।
– ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বাড়বে ৬৫ শতাংশ।
– ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত বাড়বে ৬০ শতাংশ।
– ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন বাড়বে ৫৫ শতাংশ।

ফলে দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিরা বেশি হারে সুবিধা পাবেন।

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য ভাতা

সরকারি কর্মচারীদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য প্রথমবারের মতো প্রতিবন্ধী সন্তান ভাতা চালুর সিদ্ধান্ত হয়েছে। প্রতি বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা ভাতা দেওয়া হবে।

এ ছাড়া ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগের ব্যয় বিবেচনায় মোবাইল ভাতার আওতা বাড়ানো হয়েছে। নতুন বেতনস্কেল অনুযায়ী সব গ্রেডের সরকারি কর্মচারী মোবাইল ভাতা পাবেন।

একসঙ্গে নয়, তিন ধাপে বেতন

নতুন বেতনস্কেল ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে কার্যকর হবে। সরকারের আর্থিক সক্ষমতা ও মূল্যস্ফীতির ওপর প্রভাব বিবেচনায় পুরো বেতনস্কেল একবারে বাস্তবায়ন না করে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বল্প আয়ের কর্মচারীদের বিষয়টি বিবেচনায় নিয়ে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ১ জুলাই ২০২৬ থেকে ১ জুলাই ২০২৭-এর মধ্যে মূল বেতন মোট তিন ধাপে বাস্তবায়ন করা হবে। বিভিন্ন ভাতা ১ জানুয়ারি ২০২৮ থেকে একযোগে কার্যকর হবে। পেনশনভোগীদের ক্ষেত্রেও ধাপে ধাপে নিট পেনশন বাড়ানো হবে।

জুডিশিয়াল সার্ভিসের জন্য পৃথক কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতনস্কেল অনুমোদন করা হবে। সেটিও ১ জুলাই ২০২৬ থেকে জাতীয় বেতনস্কেলের মতো ধাপে ধাপে কার্যকর হওয়ার কথা রয়েছে।

উপকার পাবেন প্রায় ৩৩ লাখ মানুষ

নতুন বেতনস্কেল বাস্তবায়নের ফলে প্রায় ২৪ লাখ সামরিক ও বেসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন।

এ জন্য সরকারের অতিরিক্ত বার্ষিক আর্থিক ব্যয় হবে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা। সংশ্লিষ্ট অর্থবছরের বাজেটে Medium Term Budget Framework অনুযায়ী এ অর্থের সংস্থান রাখা হয়েছে।

সরকারের আশা, নতুন বেতনস্কেল সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও কর্মোদ্দীপনা বাড়ানোর পাশাপাশি দক্ষ, গতিশীল ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তুলতে ভূমিকা রাখবে।

প্রজ্ঞাপন কবে?

জাতীয় বেতনস্কেল ২০২৬ কার্যকর করতে অর্থ বিভাগ প্রয়োজনীয় প্রজ্ঞাপন, আদেশ ও নির্দেশনা জারি করবে। এসব নথিতে বেতন নির্ধারণের পদ্ধতি, বিভিন্ন ভাতা, পেনশন এবং অবসর-পরবর্তী অন্যান্য সুবিধার বিস্তারিত বিধান থাকবে।

মন্ত্রিসভায় অনুমোদনের পর এখন বাস্তবায়নের বিস্তারিত প্রজ্ঞাপন ও নির্দেশনার অপেক্ষা।

কোন গ্রেডে কত বেতন?

গ্রেড| বেতন স্কেল
১ম| ১,৫৬,০০০ টাকা (নির্ধারিত)
২য়| ১,৩২,০০০–১,৫৩,০০০ টাকা
৩য়| ১,১৩,০০০–১,৪৮,৮০০ টাকা
৪র্থ| ১,০০,০০০–১,৪২,৪০০ টাকা
৫ম| ৮৬,০০০–১,৩৯,৭০০ টাকা
৬ষ্ঠ| ৭১,০০০–১,৩৪,০০০ টাকা
৭ম| ৫৮,০০০–১,২৬,৮০০ টাকা
৮ম| ৪৬,০০০–১,১০,৮০০ টাকা
৯ম| ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা
১০ম| ৩২,০০০–৭৭,৩০০ টাকা
১১তম| ২৫,০০০–৬০,৫০০ টাকা
১২তম| ২৪,৩০০–৫৮,৭০০ টাকা
১৩তম| ২৪,০০০–৫৮,০০০ টাকা
১৪তম| ২৩,৫০০–৫৬,৮০০ টাকা
১৫তম| ২২,৮০০–৫৫,২০০ টাকা
১৬তম| ২১,৯০০–৫২,৯০০ টাকা
১৭তম| ২১,৪০০–৫১,৯০০ টাকা
১৮তম| ২১,০০০–৫০,৯০০ টাকা
১৯তম| ২০,৫০০–৪৯,৬০০ টাকা
২০তম| ২০,০০০–৪৮,৪০০ টাকা

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।