দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বার্তায় বলা হয়, সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের মধ্য দিয়ে বিএনপি দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন।
বার্তায় বলা হয়, বিএনপির প্রতিষ্ঠা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। দলটি বহুদলীয় গণতন্ত্র, মানুষের বাকস্বাধীনতা ও ব্যক্তিস্বাধীনতা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও অবদানের কথাও তুলে ধরা হয়।
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার বিভিন্ন আন্দোলন-সংগ্রামে বিএনপির নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আত্মত্যাগের কথাও স্মরণ করা হয়। দলটির দাবি, জনগণ যখন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুযোগ পেয়েছে, তখন বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং বিভিন্ন সময়ে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে।
বার্তায় আরও বলা হয়, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিএনপি কাজ করে যাচ্ছে। জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ণ রেখে দেশ ও জাতির কল্যাণে নেতাকর্মীরা ভবিষ্যতেও ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে গণতন্ত্রকামী ও স্বাধীনতাপ্রিয় দেশবাসীকে আবারও শুভেচ্ছা জানানো হয়।

