
নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তিন বাহিনীর বিশেষায়িত সদস্যদের সমন্বয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১/২০২৬’। মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত এ মহড়ায় সমন্বিত সামরিক অভিযানের বিভিন্ন কৌশল ও সক্ষমতা প্রদর্শন করা হয়।
মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমন্বিত সামরিক অভিযান প্রত্যক্ষ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানগণসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর উভচর অবতরণ ও সমুদ্র অভিযান পরিচালনার সক্ষমতা, সেনাবাহিনীর স্থল অভিযান এবং বিমানবাহিনীর যুদ্ধবিমান ও হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথে অভিযান পরিচালনার দক্ষতা তুলে ধরা হয়।
এ সময় তিন বাহিনীর বিশেষায়িত বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব, দুঃসাহসিক কৌশল, নিখুঁত সমন্বয় ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সমন্বিত সামরিক সক্ষমতার বিভিন্ন দিক প্রদর্শন করেন।
এ ছাড়া দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পাশাপাশি চালকবিহীন আকাশযান (ইউএভি) ও ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন এবং লক্ষ্যবস্তু ধ্বংসের মহড়াও প্রদর্শন করা হয়।
মহড়া শেষে প্রধানমন্ত্রী অংশগ্রহণকারী সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। আধুনিক যুদ্ধের পরিবর্তিত বাস্তবতায় সশস্ত্র বাহিনীর সমন্বিত সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং প্রশিক্ষণের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সংশ্লিষ্টদের মতে, ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১/২০২৬’ তিন বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সমন্বিত যুদ্ধপ্রস্তুতি বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ ধরনের মহড়া সশস্ত্র বাহিনীর পেশাগত দক্ষতা ও যৌথ অভিযান পরিচালনার সক্ষমতা আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।
দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক: 


















