
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কইল ঠাকুরবাড়ি শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পুষ্প রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দিনব্যাপী এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ঠাকুরবাড়ি শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দির রথযাত্রা উদ্যাপন কমিটি।
অনুষ্ঠানসূচির মধ্যে ছিল বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, ধর্মীয় আলোচনা সভা, কীর্তন, সংকীর্তন এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। দিনব্যাপী এসব আয়োজনে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ।
আয়োজক কমিটি সূত্রে জানা যায়, প্রতিবছর অগ্রহায়ণ মাসের উত্থান একাদশী তিথিতে ধর্মীয় রীতি অনুসরণ করে এ রথযাত্রার আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় এবারও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উৎসবটি উদ্যাপন করা হয়েছে।
রথযাত্রা উদ্যাপন কমিটির সভাপতি বিপ্লব কুমার চক্রবর্তী (বিল্ল) বলেন, রথযাত্রা এখন আর শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। প্রতিবছর বিভিন্ন শ্রেণি-পেশা ও ধর্মের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ উৎসবের জনপ্রিয়তা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করছে। এবারের আয়োজনও অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্য অনুযায়ী, ভগবান জগন্নাথকে জগতের অধীশ্বর হিসেবে মান্য করে ভক্তরা বিগ্রহ রথে স্থাপন করে শোভাযাত্রার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যান। এ আয়োজনের মধ্য দিয়ে ভক্তরা ধর্মীয় আচার পালন ও ভক্তি নিবেদন করেন।
উল্লেখ্য, রথযাত্রা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে প্রতিবছর ধর্মীয় উৎসব ও ঐতিহ্যবাহী মেলার আয়োজন করা হয়। এসব আয়োজনে দূর-দূরান্ত থেকে বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে।
দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এবারের পুষ্প রথযাত্রার আনুষ্ঠানিকতা শেষ হয়।
Reporter Name 













