https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 25 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

আবারও দেশে বন্যার পূর্বাভাস: খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জে পানিবন্দি ৪ হাজার পরিবার

admin
August 25, 2026 12:12 am
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি। আবারও দেশের মধ্যে বন্যার পূর্বাভাস ”হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে সদর উপজেলার লস্করপুর ও পৈল ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ৪ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। নদীর পানি ঢুকে শত শত ঘরবাড়ি, ফসলি জমি ও গ্রামীণ সড়ক তলিয়ে গেছে।

বসতঘরে পানি ঢুকে পড়ায় অনেকে সড়কের পাশে ছাউনি তৈরি করে রাত কাটাচ্ছেন। কেউ কেউ আবার প্রয়োজনীয় মালামাল নিয়ে আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে সদর উপজেলা কৃষি বিভাগ বন্যায় ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য প্রকাশ করেছে।

কৃষি বিভাগের হিসাবে, বাঁধ ভেঙে ১২৫ হেক্টর আউশ ধান, ৯৫ হেক্টর রোপা আমন, ২২ হেক্টর বীজতলা ও ২৫ হেক্টর শাকসবজি পানির নিচে তলিয়ে গেছে। তবে পানি পুরোপুরি না কমা পর্যন্ত ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ করা সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তাদের আশঙ্কা, ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মাকসুদুল আলম জানান, লস্করপুর ইউনিয়ন ধান ও সবজি চাষের জন্য গুরুত্বপূর্ণ এলাকা। সেখানে শীতকালীন আগাম সবজি চাষের প্রস্তুতি চলছিল। এর মধ্যেই বন্যার পানি ঢুকে সব তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে। তালিকা সম্পন্ন হলে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাদ বিন জাহাঙ্গীর জানান, ইতোমধ্যে ৪ হাজার পানিবন্দি পরিবারের তালিকা তৈরি করা হয়েছে। বন্যাকবলিত মানুষের জন্য ১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি আরও কিছু সহায়তার চাহিদা পাঠানো হয়েছে।
তিনি বলেন, নতুন করে বৃষ্টি না হলে এক-দুই দিনের মধ্যে বন্যার পানি নেমে যেতে পারে।

বাঁধ ভেঙে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী আহমেদ তানজীর উল্লাহ সিদ্দিকী জানান, বাঁধ ভেঙে কাঁচা ও আধাপাকা মিলিয়ে গ্রামীণ সড়কে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে বাঁধ নির্মাণের কাজে অনিয়ম ও গাফিলতির অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা। কৃষক মো. দবির মিয়া অভিযোগ করে বলেন, বাঁধ নির্মাণের ঠিকাদার সময়মতো কাজ করেননি। স্থানীয়রা কাজের বিষয়ে জানতে চাইলে তাদের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি দেওয়া হয়েছে।

দবির মিয়া বলেন, নদীতে পানি বাড়লে শত শত কৃষিজমি তলিয়ে যাওয়ার আশঙ্কার কথা ঠিকাদারকে জানানো হয়েছিল। কিন্তু যথাযথভাবে বাঁধের কাজ না হওয়ায় তাঁর প্রায় ২ লাখ টাকার শসা বাগান নষ্ট হয়েছে। এছাড়া দুই কিয়ার পাকা ধানও পানির নিচে তলিয়ে গেছে। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় বর্তমানে রাস্তার পাশে আশ্রয় নেওয়া ছাড়া কোনো উপায় নেই।

বন্যার পানিতে ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় অনেক পরিবার ঘরের মালামাল সরিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েছে। জুলেখা বেগম নামে এক নারী বলেন, আগের বন্যায় রাতের মধ্যে তাঁর ঘরের অর্ধেক মালামাল নষ্ট হয়েছিল। পরে নতুন করে ঘর সাজালেও আবারও বন্যার পানিতে সব লন্ডভন্ড হয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, সময়মতো বাঁধের কাজ শেষ না করা এবং নিম্নমানের কাজের কারণেই সামান্য পানি বাড়লেই বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তারা দ্রুত বাঁধ সংস্কার, ক্ষতিগ্রস্ত পরিবার ও কৃষকদের সহায়তা এবং পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, প্রায় ৪৫ দিন আগে গভীর রাতে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছিল। পরে বাঁধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ড ঠিকাদারের মাধ্যমে প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে কাজ শুরু করে। তবে কাজ পুরোপুরি শেষ না হওয়ায় রোববার আবারও বাঁধটি ভেঙে পড়ে। ফলে নতুন করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।