দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস চালানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি)। বাস চালানোর সিদ্ধান্ত জানানোর দিনই সরে আসার কথা জানায় প্রতিষ্ঠানটি।
রোববার রাতে বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এক্সপ্রেসওয়েতে বাস কোনদিক থেকে উঠবে, কোনদিক থেকে নামবে তা পর্যবেক্ষণ করা প্রয়োজন। এজন্য কিছুটা সময় লাগবে। তাই এখনই এক্সপ্রেসওয়েতে বাস চলাচল শুরু হচ্ছে না।
এক্সপ্রেসওয়েতে ওঠা-নামার বিষয়টি পর্যবেক্ষণ করার পরে সড়ক পরবিহন ও সেতুমন্ত্রী এবং সেতু সচিবের সঙ্গে আলোচনা করা বাস চালানোর তারিখ নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
এর আগে সোমবার থেকে এক্সপ্রেসওয়েতে বাস চালানোর কথা জানায় বিআরটিসি। প্রাথমিকভাবে এক্সপ্রেসওয়েতে ৭৯টির মতো বাস চলাচল করবে বলেও জানিয়েছিল প্রতিষ্ঠানটি। তবে কয়েক ঘণ্টার মধ্যে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিআরটিসি।

