ঢাকা প্রতিনিধি:
উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে কম্বোডিয়ায় পাচার, অর্থ ও পাসপোর্ট জোরপূর্বক আত্মসাৎ, শারীরিক-মানসিক নির্যাতন এবং অবৈধ কর্মকাণ্ডে বাধ্য করার অভিযোগে একটি মানবপাচার চক্রের মূলহোতা মো. রুবেল (২৯)-কে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির মানবপাচার শাখা (টিএইচবি) ইউনিট গত ২১ জুলাই ২০২৬ বিকেলে ফরিদপুরের চরভদ্রাসন থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রুবেলের বাড়ি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার খাগজানা গ্রামে।
মামলার এজাহার অনুযায়ী, আর্থিক সংকটে থাকা ভুক্তভোগী নারীকে কম্বোডিয়ায় কাস্টমার কেয়ার সার্ভিসে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখান রুবেল। বিদেশে পাঠানোর নামে বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট ৪ লাখ টাকা নেওয়া হয় এবং পাসপোর্টও নিজের কাছে রেখে দেন।
২০২৫ সালের আগস্টে ভুক্তভোগীকে কম্বোডিয়ায় পাঠানো হলে সেখানে পৌঁছানোর পর চক্রের সদস্যরা তার পাসপোর্ট ও অর্থ জোরপূর্বক নিয়ে নেয়। অভিযোগ রয়েছে, তাকে বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তর করে অনিচ্ছাকৃত কাজ করানো হয়, উপার্জনের অর্থ আত্মসাৎ করা হয় এবং অবৈধ কর্মকাণ্ডে অংশ নিতে চাপ দেওয়া হয়। এতে অস্বীকৃতি জানালে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি প্রাণনাশ ও অন্য দালালের কাছে বিক্রি করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
পরবর্তীতে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও মানবিক সংস্থার সহযোগিতায় গত ১ জুলাই ২০২৬ দেশে ফিরে আসেন ভুক্তভোগী। দেশে ফিরে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সিআইডি জানায়, ভুক্তভোগীর তথ্য, সাক্ষ্য-প্রমাণ, নথিপত্র ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আদালতের আদেশে তার জবানবন্দি গ্রহণ করা হয়েছে এবং জবানবন্দি ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মানবপাচার চক্রের অন্যান্য সদস্য, আর্থিক লেনদেন, বিদেশে থাকা সম্ভাব্য ভুক্তভোগী এবং দেশি-বিদেশি সহযোগীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
সিআইডি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে উচ্চ বেতনের চাকরির প্রলোভনে না পড়ে সরকার অনুমোদিত বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার এবং কোনো ধরনের মানবপাচার, প্রতারণা বা নির্যাতনের তথ্য জানা থাকলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সিআইডিকে জানানোর।
মানবপাচার সংক্রান্ত অভিযোগ বা তথ্য জানাতে:
হটলাইন: ০১৩২০০১৭০৬০
ই-মেইল: thb.cid@police.gov.bd
ঠিকানা: মানব পাচার সেল, সিআইডি সদরদপ্তর, মালিবাগ, ঢাকা।

