কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মাকে হত্যার অভিযোগে মেয়ে চাম্পা (৪৮)-কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।
পিবিআই সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৪ মার্চ করিমগঞ্জ উপজেলার একটি পতিত জমি থেকে হালিমা (৬৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথার অংশ মাটিতে পুঁতে রাখা ছিল। তাঁর নাক-মুখে রক্তাক্ত জখম এবং গলায় সাদা রশি পেঁচানো অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের মেয়ে চাম্পা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে করিমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ১৪ মার্চ করিমগঞ্জ থানার মামলা নম্বর-১২ হিসেবে রুজু হয়। এর দুই দিন পর ১৭ মার্চ পিবিআই কিশোরগঞ্জ জেলা স্ব-উদ্যোগে মামলাটির তদন্তভার গ্রহণ করে। বর্তমানে মামলাটি তদন্ত করছেন পুলিশ পরিদর্শক আশরাফুল আলম।
তদন্তকালে পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য-প্রমাণ ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বাদী চাম্পার সম্পৃক্ততার বিষয়ে সন্দেহ করেন। পরে গত ১৮ আগস্ট কিশোরগঞ্জ সদর থানা এলাকা থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
জিজ্ঞাসাবাদে চাম্পা তার মাকে হত্যার পরিকল্পনা ও ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলে পিবিআই জানিয়েছে। একই দিন তিনি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পিবিআইয়ের তদন্ত ও আদালতে দেওয়া জবানবন্দির বরাত দিয়ে জানা যায়, প্রায় ৩০ বছর আগে হালিমা প্রতিবেশী বিল্লালের কাছ থেকে সাড়ে তিন শতাংশ বাড়ির জায়গা কেনার দাবি করলেও এ জমির কোনো দলিল ছিল না। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের জেরে ধর্ষণসহ একাধিক মারামারির মামলাও চলমান ছিল। ঘটনার প্রায় ১৫ দিন আগে একটি মারামারির ঘটনায় হালিমা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তদন্তে পিবিআই জানতে পারে, প্রতিপক্ষের ওপর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে চাম্পা সহযোগীদের নিয়ে তার মাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ২০২৩ সালের ১৩ মার্চ রাত আনুমানিক ১১টার দিকে চাম্পার দুই সহযোগী সমঝোতার কথা বলে হালিমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে হত্যা করে মরদেহ নির্জন স্থানে ফেলে রাখা হয় বলে তদন্তে উঠে এসেছে।
এরপর পরিকল্পনা অনুযায়ী চাম্পা বাদী হয়ে প্রতিবেশী বিল্লালসহ অন্যদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন বলে জানিয়েছে পিবিআই।
মামলার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পিবিআইয়ের তদন্ত অব্যাহত রয়েছে।

