স্টাফ রিপোর্টার:
বগুড়া শহরের গোয়ালগাড়ি এলাকার একটি বাড়ি থেকে গোপালগঞ্জের কোটালীপাড়ার সীমা মিত্র নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বগুড়া সদর থানা পুলিশ ও উপশহর ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন। ওই বাড়িটি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা রাহুল গাজীর বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভয়েস অব ৭১’ নামে টিকটক প্ল্যাটফর্মে শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক বক্তব্য ও প্রচার চালানোর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সীমা মিত্রকে হেফাজতে নেওয়া হয়েছে।
সূত্র আরও জানায়, সীমা মিত্রের ব্যবহৃত ‘Sima mittro 71’ নামের টিকটক আইডি থেকে দেশত্যাগকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও ভিডিও প্রচার করা হয়েছে। এসব ভিডিও ও বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে। তবে তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

