
প্রাণের শহর বিডি ডেস্ক:
এখন থেকে ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোট গ্রহণ করতে হবে ব্যাংকের প্রতিটি শাখায়। মঙ্গলবার (২০ জুন) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।
সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়, ২০১৩ সালে ছেঁড়া-ফাটা নোট গ্রহণ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছিল। ওই পরিপত্রের পরিশিষ্ট-‘ক’ এর ১ নম্বর অনুচ্ছেদে সহজে দৃষ্টিগোচর হয় ব্যাংকের এমন স্থানে ‘ছেঁড়া-ফাটা ও ময়লা নোট গ্রহণ করা হয়’ মর্মে নোটিশ স্থাপন করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
কিন্তু তফসিলি ব্যাংকের অধিকাংশ শাখা এ সংক্রান্ত নোটিশ স্থাপন না করাসহ উক্ত পরিপত্রের অন্যান্য নির্দেশনা পরিপালন করছে না মর্মে পরিলক্ষিত হয়। এতে তফসিলি ব্যাংকের শাখা থেকে ছেঁড়া-ফাটা ও ময়লা নোট বিনিময় সংক্রান্ত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে জনগণ।
এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকের প্রত্যেক শাখায় আবশ্যিকভাবে কাউন্টারের সামনে বা জনসাধারণের সহজে দৃষ্টিগোচর হয় এমন স্থানে ‘ছেঁড়া-ফাটা ও ময়লা নোট গ্রহণ করা হয়’ মর্মে ২০ ফন্টে রঙিন কালিতে লিখিত নোটিশ স্থাপন করাসহ পরিপত্রে বর্ণিত বিধিবিধান যথাযথভাবে পরিপালনের জন্য পুনরায় নির্দেশনা দেওয়া হলো।
Reporter Name 




















