স্টাফ রিপোর্টার:
নওগাঁর মান্দা উপজেলায় পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা প্রশাসন, মান্দা ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সমন্বয়ে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে প্রসাদপুর বাজারের মেসার্স মোল্লা ভ্যারাইটিজ স্টোরে বিক্রির জন্য রাখা খাদ্যপণ্য ও উপকরণ পরিদর্শন করা হয়। এ সময় প্রতিষ্ঠানের নাম-ঠিকানা, মেয়াদ, ওজন ও মূল্য উল্লেখবিহীন বিভিন্ন রং এবং ম্যাকারনি জব্দ করে ধ্বংস করা হয়।
পরে সার্বিক বিষয় বিবেচনায় দোকানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মান্দা, নওগাঁর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন।
জনস্বার্থে উপজেলা প্রশাসন ও বিএসটিআই, বগুড়ার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

