এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় ফল ব্যবসায়ী সমিতির সদস্য ও নিঝুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওয়াহেদ হোসেন ওরফে নিঝুম হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ফল ব্যবসায়ীরা। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া মহানগরের স্টেশন রোডে ফল ব্যবসায়ী সমিতির কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বগুড়া ফল ব্যবসায়ী সমিতি। এতে সমিতির সভাপতি সেকেন্দার কাজী সভাপতিত্ব করেন।
মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ব্যবসায়ী নেতা ওমর ফারুক, নিহত নিঝুমের মা রঞ্জনা বেগমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ওয়াহেদ হোসেন ওরফে নিঝুমকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। কোনো ধরনের প্রভাব বা চাপের কাছে নতি স্বীকার না করে হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা বিশেষভাবে নিহত নিঝুমের বন্ধু স্বপনকে অবিলম্বে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা তদন্ত করার দাবি জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, একজন ব্যবসায়ীকে এভাবে হত্যার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী সমাজের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে হত্যার রহস্য উদঘাটন করে অপরাধীদের বিচারের মুখোমুখি করা না হলে সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আস্থার সংকট তৈরি হতে পারে।
মানববন্ধন থেকে নিহত নিঝুমের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে দ্রুত তদন্ত শেষ করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান ব্যবসায়ী নেতারা।
কর্মসূচিতে ফল ব্যবসায়ী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তারা নিহত নিঝুম হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

