এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ভ্রাম্যমাণ অভিযানে ‘রয়েল কাচ্চি’ ও ‘ঢাকা কাচ্চি ডাইন’ নামে দুটি খাবারের প্রতিষ্ঠানে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খাসির মাংসের কাচ্চি বিক্রির ঘোষণা দিয়ে ছাগী/ভেড়ার মাংস ব্যবহার, মূল্য তালিকায় যথাযথ তথ্য না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে এ জরিমানা করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানসংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠান দুটিতে খাসির কাচ্চি ও বিরিয়ানি বিক্রির ঘোষণা দেওয়া হলেও সরেজমিনে ছাগী/ভেড়ার মাংস দিয়ে কাচ্চি প্রস্তুত ও বিক্রি করতে দেখা যায়। একই সঙ্গে তাদের মূল্য তালিকায় খাসির মাংসের উল্লেখ থাকলেও ছাগী/ভেড়ার মাংস ব্যবহারের বিষয়ে কোনো ঘোষণা পাওয়া যায়নি।
পরে প্রতিষ্ঠান দুটির রান্নাঘর পরিদর্শন করা হলে খাদ্য প্রস্তুতে অপরিশোধিত লবণ ব্যবহারের পাশাপাশি রান্নাঘরের পরিবেশ অপরিষ্কার ও অপরিচ্ছন্ন থাকার বিষয়টি ধরা পড়ে। সংশ্লিষ্ট কর্মকর্তারা খাদ্য প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি এবং নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধিবিধান যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্ব দেন।
এসব অনিয়মের কারণে ‘রয়েল কাচ্চি’কে ৫ হাজার টাকা এবং ‘ঢাকা কাচ্চি ডাইন’কে ১০ হাজার টাকা তাৎক্ষণিক জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে নিরাপদ খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও বিপণনে প্রচলিত আইন ও বিধিমালা মেনে চলতে প্রতিষ্ঠান দুটিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিদর্শক মো. মেহেদী হাসান নেতৃত্ব দেন।
এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মো. শরিফুল ইসলাম, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আব্দুল কাদেরসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মী উপস্থিত ছিলেন। অভিযানের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় খাবারের মান, উপকরণের সঠিক ঘোষণা এবং রান্নাঘরের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

