দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক;
ফিফা আসিয়ান কাপের সাইডলাইনে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
বৈঠকে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় পুরুষ ফুটবল, নারী ফুটবল, যুব ফুটবল, নেশনস লিগ ও ফিফা সিরিজসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ স্থান পায়।
এ ছাড়া এশিয়ার আরও বেশি দেশকে ভবিষ্যতে ফিফার পৃষ্ঠপোষকতায় আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় সম্পৃক্ত করার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।
বৈঠকে ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের ধারাবাহিক অংশগ্রহণের আগ্রহের কথা তুলে ধরেন তাবিথ আউয়াল। একই সঙ্গে বাংলাদেশে ফুটবলের উন্নয়নে ফিফার সঙ্গে সহযোগিতা আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ ফুটবলের উন্নয়ন, বিশেষ করে নারী ও যুব ফুটবলের বিকাশে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

