এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ জরুরি রক্ষণাবেক্ষণ ও পাইপলাইনে টাই-ইন কাজের কারণে বগুড়া শহর ও আশপাশের এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সরবরাহ বন্ধ রাখা হবে।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
পিজিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বগুড়ার বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনে জরুরি টাই-ইন ও রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে। এ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে নির্ধারিত সময়ে বগুড়া শহর নেটওয়ার্কের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।
সরবরাহ বন্ধ থাকার কারণে বগুড়া শহর এবং সংলগ্ন এলাকার সব ধরনের গ্যাস গ্রাহক সাময়িকভাবে ভোগান্তিতে পড়বেন। এর মধ্যে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের পাশাপাশি শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট এবং সিএনজি স্টেশনও রয়েছে।
টানা ২০ ঘণ্টা গ্যাস না থাকায় বিশেষ করে বাসাবাড়িতে রান্নাবান্না এবং গ্যাসনির্ভর ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে গ্যাসচালিত সিএনজি স্টেশনগুলোতেও এর প্রভাব পড়তে পারে।
পিজিসিএল কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে রক্ষণাবেক্ষণ কাজ শেষ করে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করবে বলে জানিয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

