এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) দুপুর ২টা ২০ মিনিটে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচটি অ্যাম্পুল ও ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, আদমদীঘি উপজেলার উথরাইল গ্রামের পেয়ার আহম্মেদের ছেলে মো. সাজ্জাদ হোসেন (৪৭) এবং সান্তাহার চা-বাগান এলাকার মৃত বাবলু মিয়ার ছেলে মো. রমজান (২২)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ সময় মাদকদ্রব্যসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয়কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে জব্দ করা আলামত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান জনস্বাস্থ্য সুরক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার মাধ্যমে তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করা এবং অপরাধপ্রবণতা কমিয়ে আনার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

