এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে রাইজোড় গ্রামের মো. আব্দুস সোবাহানের ছেলে মো. রেদোয়ান হোসেন (২১) এবং উথরাইল আকন্দপাড়া গ্রামের মো. গোলাম মতুজা টুকুর ছেলে মো. মেহেদী হাসান জয় (৩২)কে আটক করা হয়।
তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও দুই পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেট ঘটনাস্থলেই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রেদোয়ান হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড এবং মেহেদী হাসান জয়কে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ডিএনসি সূত্র জানায়, মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, মাদকবিরোধী নিয়মিত অভিযান ও আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত সচেতনতা মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

