দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
কুরআনবিরোধী কোনো আইন না করার প্রতিশ্রুতি দিয়েও সংসদে বিতর্কিত ‘হেবা আইন’ সংশোধন পাস করা হয়েছে—এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি এ আইন দ্রুত বাতিলের দাবি জানিয়ে তা না হলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম অভিযোগ করেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে হঠাৎ করে শরিয়াহবিরোধী এই আইন পাস করেছে। তার দাবি, আইনটি ইসলামের ওপর সরাসরি আঘাত। একই সঙ্গে দেশের ইতিহাস ও ঐতিহ্যকে উপেক্ষা করে আলেম সমাজকে অপমান করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, একদিকে তারা লংমার্চ করছে, অন্যদিকে সংসদে এই আইনের পক্ষেই কথা বলছে। এ ধরনের অবস্থান বোধগম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা করে, ‘হেবা আইন’ ইস্যুতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
দলটির পক্ষ থেকে বলা হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি আরও কঠোর করার বিষয়েও তারা পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবে।

