এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার গাবতলীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগে মো. আব্দুর রশিদ নামে এক ডিলারকে গ্রেপ্তার করেছে প্রশাসন। সোমবার (২৪ আগস্ট) উপজেলার সোনারায় ইউনিয়নের পীরগাছা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ না করেই বিতরণ করা হয়েছে দেখিয়ে একটি ভুয়া তালিকা তৈরি করা হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর ডিলার আব্দুর রশিদকে আটক করা হয়।
গাবতলী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১২টি ইউনিয়নে ২৮ জন ডিলারের মাধ্যমে নির্ধারিত কার্ডধারীদের মধ্যে প্রতি কেজি ১৫ টাকা দরে চাল বিতরণ করা হয়। কার্ডধারী প্রতিটি সুবিধাভোগীর জন্য নির্ধারিত পরিমাণ চাল পাওয়ার কথা রয়েছে।
ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়ার পর সোমবার পীরগাছা বাজারে অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। এ সময় পুলিশ সদস্যরাও অভিযানে অংশ নেন।
গাবতলী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুনুর রশিদ বলেন, সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ না করে ভুয়া নামের তালিকা তৈরির অভিযোগে ডিলার আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

