
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা, বৈষম্যমুক্ত ও ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তোলা এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) দুপুরে নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়া।
সভায় সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতে সাত সদস্যের একটি প্রণয়ন কমিটি গঠনের সুপারিশ করা হয়। একই সঙ্গে সাংবাদিকদের জন্য নিয়মিত প্রশিক্ষণের আয়োজন, পেশাগত মানোন্নয়ন এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, একটি কার্যকর ও ঐক্যবদ্ধ সাংবাদিক সংগঠন স্থানীয় পর্যায়ে গণমাধ্যমকর্মীদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য পারস্পরিক সহযোগিতা ও পেশাগত শৃঙ্খলা বজায় রেখে সংগঠনের কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুল বারীক ও মিজানুর রহমান মুকুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক রনি, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ ও শাহীন আলম সাজু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান আনান, সহ সাংগঠনিক সম্পাদক তানসেন আলী মন্টু, দপ্তর সম্পাদক সালমির ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল গফুর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাসেল খান, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন টুটুল এবং পাঠাগার সম্পাদক মশিউর রহমান মানিক।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য সাদিকুর রহমান, ফরিদ উদ্দিন, মেহেদী হাসান রুবেল, তানভীর রহমান, সিয়াম হোসেন ও সিয়ামুল হক রাব্বিসহ সংগঠনের অন্যান্য সদস্যরা সভায় অংশ নেন।
সভায় জানানো হয়, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছে। বর্তমান কমিটি সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বাড়াতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।
সাংবাদিকদের কল্যাণে মানবিক উদ্যোগের বিষয়টিও সভায় গুরুত্ব পায়। বিশেষ করে সড়ক দুর্ঘটনায় আহত, অসুস্থ এবং আর্থিকভাবে অসচ্ছল সাংবাদিকদের পাশে দাঁড়াতে সংগঠনের পক্ষ থেকে সহায়তার ব্যবস্থা করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সাংবাদিকতার পেশাগত মান ও সংগঠনের ঐক্য অটুট রেখে ভবিষ্যতে আরও কার্যকর কর্মসূচি গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রতিবেদকের নাম 



















