এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ছাতড়া গ্রামের পশ্চিম পাশের ‘বড়ি গাড়ি’ মাঠ এলাকায় পল্লী বিদ্যুতের তিনটি সেচ পাম্পের ট্রান্সফরমারের মূল্যবান যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেচ পাম্পের মালিকদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। একই সঙ্গে আমন মৌসুমে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরাও।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হবি বর-এর সেচ পাম্পে স্থাপিত তিনটি ট্রান্সফরমারের ভেতরের মূল্যবান তামা, সীসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। চুরির ঘটনায় সেচ পাম্প মালিকের প্রায় ৩ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে শুক্রবার (২৪ জুলাই ২০২৬) শিবগঞ্জ থানা পুলিশ ও পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বর্তমানে আমন ধান রোপণের ভরা মৌসুম হওয়ায় কৃষকদের সেচের ওপর নির্ভরশীলতা অনেক বেশি। ঠিক এমন সময়ে ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়ায় মাঠের সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত নতুন ট্রান্সফরমার স্থাপন বা ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার মেরামত করা না হলে শুধু সেচ পাম্পের মালিকই নন, এলাকার শত শত কৃষক আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জেলার বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার, বৈদ্যুতিক তামার তার ও অন্যান্য বিদ্যুৎ সরঞ্জাম চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। চুরি হওয়া এসব মালামাল স্থানীয় কিছু ভাঙারি ব্যবসায়ীর মাধ্যমে কম দামে বিক্রি হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। তাই চোরাই মালামাল কেনাবেচা বন্ধে ভাঙারি ব্যবসার ওপর কঠোর নজরদারি, নিয়মিত অভিযান পরিচালনা এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
সেচ পাম্প মালিক ও কৃষকদের দাবি, গ্রামীণ বিদ্যুৎ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে রাতের টহল জোরদার, ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি এবং দ্রুত চুরি যাওয়া যন্ত্রাংশ উদ্ধার করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে কৃষি উৎপাদন সচল রাখতে জরুরি ভিত্তিতে বিকল্প ট্রান্সফরমার সরবরাহেরও আহ্বান জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

