এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে এক লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ শ্রী শাওন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্রে জানা যায়, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ডিএনসি বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম।
অভিযান চলাকালে এক লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ শ্রী শাওনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাওন আদমদীঘি থানার সান্তাহার চা বাগান এলাকার শ্রী মানিকের ছেলে।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
আদালত তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেন। সাজা ঘোষণার পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করা চোলাই মদ ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
ডিএনসি কর্তৃপক্ষ জানিয়েছে, বগুড়া জেলায় মাদকের বিস্তার রোধ এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

