এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ দেশে চলমান সার, বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রতিবাদ এবং কৃষকদের ন্যায্য দাবি আদায়ের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন, বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরের বনানী মোড়ে এ কর্মসূচি পালিত হয়। এতে সংগঠনের নেতাকর্মী ও কৃষিজীবী শ্রমিকরা অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন, বগুড়া জেলা শাখার সভাপতি মো. রোকনুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও শ্রমিক নেতা গোলাম রব্বানী।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম রব্বানী বলেন, “কৃষি ও কৃষক এ দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ সার ও বিদ্যুতের তীব্র সংকটে আজ কৃষক চরম দিশেহারা হয়ে পড়েছেন। অনতিবিলম্বে পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি সুলভ মূল্যে সার সরবরাহ করতে হবে। অন্যথায় কৃষিজীবী শ্রমিক ও মেহনতি মানুষকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রমিক নেতা মো. আজগর আলী, মো. শহিদুল ইসলাম, প্রভাষক আতাউর রহমান, মো. তারেকুল ইসলাম ও মো. মতিউর রহমান।
বক্তারা বলেন, সার, বিদ্যুৎ ও গ্যাসের সংকটের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকদের উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে। এতে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছেন। কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে দ্রুত সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, কৃষকের উৎপাদন ব্যাহত হলে এর নেতিবাচক প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে। তাই কৃষির স্বার্থে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ, পর্যাপ্ত সার নিশ্চিত এবং কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে।
সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বনানী মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা সার, বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসন এবং কৃষকদের ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

