এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ কিডনি রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ভালুকাতলা গ্রামের ২০ বছর বয়সী যুবক মো. স্বপন মিয়া। অর্থের অভাবে নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ কিনতে না পেরে দিন দিন শারীরিক অবস্থার অবনতি হচ্ছে তার। অসুস্থতার যন্ত্রণা নিয়ে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দরিদ্র পরিবারের এই সন্তান।
স্বপন মিয়া ভালুকাতলা গ্রামের হতদরিদ্র দিনমজুর মো. জয়নাল আবেদীনের ছেলে। সংসারে উপার্জনক্ষম ব্যক্তি বলতে তার বাবা। দিন এনে দিন খেয়ে চলা পরিবারের পক্ষে ছেলের ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা এখন একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন স্বপন। অর্থের সংকটে যথাযথ চিকিৎসা করাতে না পারায় তার শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। একদিকে অসুস্থতার যন্ত্রণা, অন্যদিকে চিকিৎসার খরচ জোগাড়ের দুশ্চিন্তা- সব মিলিয়ে পরিবারটি চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছে।
নিজের অসহায়ত্বের কথা জানিয়ে স্বপন মিয়া বলেন, “আমার বাবা একজন হতদরিদ্র দিনমজুর। দিন এনে দিন খেতে হয় আমাদের। আমার চিকিৎসা করানোর মতো সামর্থ্য বাবার নেই। তাই নিরুপায় হয়ে সবার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছি। আমি বাঁচতে চাই। সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতা পেলে হয়তো আবার সুস্থ জীবনে ফিরতে পারব।”
স্বপন তার চিকিৎসার জন্য দেশ-বিদেশে অবস্থানরত সমাজের সামর্থ্যবান, মানবিক ও দানশীল মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন। তার আকুতি- সামান্য সহযোগিতাও তার চিকিৎসার পথকে সহজ করতে পারে এবং ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবনে ফেরার আশার আলো।
অসহায় এই যুবকের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন, প্রবাসী বাংলাদেশি ও মানবিক হৃদয়ের মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
আর্থিক সহযোগিতার জন্য: বিকাশ (পার্সোনাল): ০১৭০১৪৮৭০৭৯
স্বপন মিয়ার পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য সবার কাছে দোয়া ও আর্থিক সহযোগিতা কামনা করা হয়েছে।

