ঢাকা প্রতিনিধি:
‘অনিশ্চিত প্রত্যাবর্তন: প্রত্যাবাসনের প্রতিবন্ধকতা নিয়ে রোহিঙ্গাদের বক্তব্য’ শীর্ষক জাতীয় নীতি প্রচার কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।
বুধবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগ ও ক্রিমিনোলজি রিসার্চ ফোরামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচটি জরুরি অগ্রাধিকার তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে টেকসই প্রত্যাবাসনের জন্য একটি বিশ্বাসযোগ্য রূপরেখা প্রণয়ন, ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করা এবং আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ।
গবেষণায় উঠে আসা বিভিন্ন তথ্যের উল্লেখ করে শামা ওবায়েদ ইসলাম বলেন, রোহিঙ্গারা মিয়ানমারকে তাদের নিজভূমি হিসেবে প্রত্যাখ্যান করছে না; বরং যে পরিস্থিতি তাদের দেশ ছাড়তে বাধ্য করেছে, তারা সেই পরিস্থিতি প্রত্যাখ্যান করছে।
তিনি রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে কার্যকর ও বাস্তবভিত্তিক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করা প্রয়োজন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নীতিনির্ধারণে গবেষণালব্ধ তথ্য ও প্রমাণকে গুরুত্ব দিতে হবে এবং রোহিঙ্গাদের নিজস্ব বক্তব্য ও অভিজ্ঞতাকে কূটনৈতিক উদ্যোগে যথাযথভাবে প্রতিফলিত করতে হবে।
অনুষ্ঠানে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রতিবন্ধকতা, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ এবং এ সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

