এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার নন্দীগ্রামে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করার ঘোষণা দিয়েছে উপজেলা যুবদল। একই সঙ্গে গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে সক্রিয় থাকার কথা জানিয়েছেন সংগঠনটির নেতারা।
বুধবার বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বগুড়া-নাটোর মহাসড়কসহ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে আব্দুর রউফ রুবেল বলেন, কেউ গুজব ছড়িয়ে কিংবা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। জনগণের জানমাল ও স্বাভাবিক পরিবেশ রক্ষায় যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও তিনি উল্লেখ করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি মহল রাজনৈতিকভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাদের দাবি, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি শান্তিপূর্ণভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও বক্তব্যে দাবি করা হয়।
বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়ানো গুজবের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া প্রচার না করে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজনৈতিক নেতাকর্মীদের সতর্ক ও সংযত থাকার কথাও বলা হয়।
সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাবেক মেয়র সুশান্ত সরকার শান্ত এবং উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা বক্তব্য দেন।
এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, যুবদল নেতা আদম আলী, কামাল হোসেন, রবিউল ইসলাম, মেহেদী হাসান শাহীন, সাইফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, গোলাপ হোসেন, আব্দুল মান্নান, গোলাপ আকন্দ, সামিউর রহমান তুষার, পারভেজ আহম্মেদ সাগর, আলমগীর হোসেন, বাদশা মিয়া, ইমরান হোসেন, মাসুদুর রহমান ও স্বপন হোসেনসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

