এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে এবং ঢাকায় ব্যাংকের গ্রাহকদের ওপর হামলার৫ প্রতিবাদে বগুড়ার ধুনটে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) সকাল সাড়ে ১০ টায় ধুনট উপজেলার ইসলামী ব্যাংক শাখার সামনে সচেতন গ্রাহক ফোরাম, ধুনট-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. রেজাউল করিম বাচ্চু এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আব্দুল করিম।
মানববন্ধনে বক্তব্য রাখেন মো. নজরুল ইসলাম, তরিকুল ইসলাম, এম.এ রাশেদ, আব্দুর রশিদ ও ফিরোজ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করেন, ২০১৭ সালে ইসলামী ব্যাংকের মালিকানা ও পরিচালনা কাঠামো পরিবর্তনের মাধ্যমে প্রকৃত উদ্যোক্তাদের সরিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ অনিয়মের মাধ্যমে বের করে নেওয়া হয়েছে। এর ফলে দেশের অন্যতম বৃহৎ এই শরিয়াহভিত্তিক ব্যাংকটি আর্থিক সংকটে পড়েছে বলে তারা দাবি করেন।
তারা আরও বলেন, ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনায় বিভিন্ন সিদ্ধান্তের কারণে গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। বক্তারা ইসলামী ব্যাংককে পূর্বের স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের আহ্বান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিলসহ ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

