এম, এ রাশেদ, স্টাফ রিপোর্টার:
বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির দায়ের করা একটি মামলায় আওয়ামী লীগের এক নেতা ও সাবেক ইউপি সদস্য নবাব আলী মন্ডলকে গ্রেপ্তার করেছে
পুলিশ।
গ্রেপ্তার নবাব আলী মন্ডল (৫১) উপজেলার নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি সদস্য। তিনি নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী (বুড়ীর ভিটা) গ্রামের মৃত আবুল হোসেন মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে নিজ এলাকা থেকে নবাব আলী মন্ডলকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
ধুনট থানার মামলা সূত্রে জানা গেছে, এ ঘটনায় থানায় এফআইআর নম্বর-১৮, তারিখ ২৬ জানুয়ারি ২০২৫ এবং জিআর নম্বর-১৮ মামলা রয়েছে। মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩৮০, ৪২৭ ও ৫০৬ ধারাসহ Explosive Substances Act, 1908-এর ৩, ৪, ৫ ও ৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
ধুনট থানা পুলিশ জানায়, মামলাটির তদন্ত এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে কার্যক্রম অব্যাহত রয়েছে। এ মামলায় আরও কয়েকজন আসামি রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. নজরুল ইসলাম জানান, মামলার অভিযোগের ভিত্তিতে নবাব আলী মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মামলায় আনা অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অভিযোগের সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

