এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট থানায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের পৃথক দুটি মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিঠু (৫৫) এবং ধুনট উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক লাভলু খন্দকার (৫০)।
পুলিশ জানায়, পৃথক অভিযানে বৃহস্পতিবার (৩০ জুলাই) ও শুক্রবার (৩১ জুলাই) তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার দুপুরে তাদের বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ধুনট থানার এফআইআর নং-১৮ (তারিখ: ২৬ জানুয়ারি ২০২৫) ও জি.আর. নং-১৮ মামলায় নজরুল ইসলাম মিঠুকে শুক্রবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে উপজেলার আড়কাটিয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তার আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এজাহার অনুযায়ী ২০২৩ সালের ৭ জুন বিকালে ধুনট উপজেলার পশ্চিম ভরনশাহী এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মিসভায় হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, একদল ব্যক্তি দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে হামলা চালিয়ে বিস্ফোরণ ঘটায়, কার্যালয়ে ভাঙচুর চালায় এবং বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় একাধিক ব্যক্তি আহত হওয়ার কথাও এজাহারে উল্লেখ রয়েছে। ওই মামলায় নজরুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, ধুনট থানার এফআইআর নং-১০ (তারিখ: ১৭ অক্টোবর ২০২৪) ও জি.আর. নং-১৯৬ মামলায় লাভলু খন্দকারকে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ছাতিয়ানী স্কুল মাঠ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আদালতে দাখিল করা তদন্ত প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহার অনুযায়ী ২০১৮ সালের ২১ ডিসেম্বর ধুনট বাজার এলাকায় বিএনপির একটি পথসভাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ, ভয়ভীতি প্রদর্শন এবং দলীয় ব্যানারে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিসহ সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, বিস্ফোরক আইনের পৃথক দুই মামলায় গ্রেপ্তার দুই আসামিকে শুক্রবার (৩১ জুলাই) আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মামলাগুলোর তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে। ফলে অভিযোগের সত্যতা ও অভিযুক্তদের দায়-দায়িত্ব সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়া শেষে আদালতই নির্ধারণ করবেন।

