মিন্টু ইসলাম:
৮ জুলাই ২০২৬ (বুধবার): বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নে চলমান ঝাঝর ও দুধ কুমুড় খাল খনন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান।
পরিদর্শনকালে তিনি প্রকল্পের কাজের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে তাদের মতামত ও প্রত্যাশার কথাও শোনেন।
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করেন শেরপুর থানা পুলিশ ও আনসার-ভিডিপির সদস্যরা।
সংশ্লিষ্টরা জানান, খাল খনন প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশনের সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

