শেরপুর বগুড়া প্রতিনিধি:
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে বগুড়ার শেরপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় প্রধানমন্ত্রী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে শেরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুম কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শেরপুরের ধুনট মোড় থেকে বাসস্ট্যান্ডের ফলপট্টি পর্যন্ত মহাসড়ক এলাকা এবং পৌরসভার অভ্যন্তরের বারোদুয়ারী হাট ও বিকালবাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর ফিরোজ আহমেদ জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরিচ্ছন্নতা অভিযানে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।

