এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের বিষয়ে খোঁজখবর নিয়েছেন বগুড়া জেলার নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর – ধুনট) সার্কেল শামস-ই-তাবরীজ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তিনি ধুনট থানা পরিদর্শন করেন। এ সময় থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে পরিচিতি, শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন।
থানায় পৌঁছালে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার শামস-ই-তাবরীজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস শুকুর ও থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. নজরুল ইসলাম।
পরে থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন সহকারী পুলিশ সুপার। এ সময় তিনি থানার দৈনন্দিন কার্যক্রম, মামলার তদন্ত, অপরাধ পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা এবং পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
মতবিনিময়কালে শামস-ই-তাবরীজ বলেন, জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জন করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। পুলিশের সঙ্গে জনগণের সুসম্পর্ক গড়ে উঠলে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা আরও সহজ হয়। এ জন্য তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতিটি সদস্যকে সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে কোনো ধরনের হয়রানি বা অমানবিক আচরণ যাতে না হয়, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে। দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন।
নবাগত এই কর্মকর্তা বলেন, আইন প্রয়োগের পাশাপাশি মানুষের সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়াও পুলিশের দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। সমাজে অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় ধুনট থানার অফিসার ইনচার্জ মো. আতিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস শুকুর, এসআই হাসান হাফিজুর রহমান, তয়েন কুমার, আমিনুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সোহরাব হোসেন, এএসআই মেহেদী হাসান, এরশাদ হোসাইন, বেলাল হোসেন, সেলিম শেখ, শাহজাহান আলী, আনোয়ার হোসেনসহ থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে সহকারী পুলিশ সুপার থানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের কাছ থেকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করা, অপরাধ দমন এবং জনগণকে কাঙ্ক্ষিত পুলিশি সেবা দিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
থানা পরিদর্শনের মাধ্যমে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার শামস-ই-তাবরীজ ধুনট এলাকায় দায়িত্ব পালনের শুরুতেই মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এতে পুলিশের অভ্যন্তরীণ সমন্বয় আরও জোরদার হওয়ার পাশাপাশি জনবান্ধব পুলিশিং কার্যক্রমে গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

