শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনা রোধ এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ঢাকা-বগুড়া মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশে সব ইউ-টার্ন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, ১৬ জুন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ-এর পরামর্শক্রমে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব ও দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, চান্দাইকোনা (বগুড়া বাজার) থেকে শেরপুরের ধুনট মোড় পর্যন্ত মহাসড়কের সকল ইউ-টার্ন আগামী রোববার থেকে বন্ধ করে দেওয়া হবে।
সংশ্লিষ্টদের মতে, মহাসড়কে অনিয়ন্ত্রিত ইউ-টার্নের কারণে প্রায়ই দুর্ঘটনা ও যানজটের সৃষ্টি হয়। ইউ-টার্ন বন্ধের ফলে সড়কে শৃঙ্খলা বৃদ্ধি পাবে, দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং যানবাহনের চলাচল আরও নিরাপদ ও গতিশীল হবে।
এ সিদ্ধান্তকে জনস্বার্থে নেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

