শেরপুর বগুড়া প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বগুড়ার শেরপুরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে শিল্পকলা একাডেমি কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এই উৎসবের সূচনা হয়।
শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কে এম মাহবুবার রহমান হারেজ, সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা।
নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত এই উৎসবে শিক্ষার্থীদের জন্য সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয় ও একক নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যেখানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান বাবু, প্রশিক্ষক সেলিনা সুলতানা লিখন, আয়েশা সিদ্দিকা অনন্যা, জেসমিন আক্তারসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
এছাড়াও আবৃত্তি বিভাগের প্রশিক্ষক ইফতেখার আলম ফরহাদ ও সংগীত বিভাগের প্রশিক্ষক সৌরভ অধিকারী শুভ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আয়োজকরা জানান, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ ও সৃষ্টিশীলতার বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই এই উৎসবের মূল উদ্দেশ্য। উদ্বোধনী পর্ব শেষে শিল্পকলা একাডেমির সংগীত বিভাগের প্রশিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় কবির বিভিন্ন গান পরিবেশন করেন।

