স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুরে যাত্রীবাহী কোচে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মনিরুজ্জামান ওরফে মনির (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার মনির দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বাসিন্দা।
শনিবার (৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর উপজেলার বেতগাড়ী এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বগুড়ার দিকে মাদকের একটি চালান পাচারের গোপন তথ্যের ভিত্তিতে বেতগাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাঃ জিললুর রহমানের নেতৃত্বে একটি দল পেন্টাগন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অবস্থান নেয়।
এ সময় ঢাকা থেকে বগুড়াগামী ‘শাহ্ ফতেহ আলী’ পরিবহনের একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালানো হয়। ঢাকা মেট্রো-ব-১৪-৭০০৯ নম্বরের কোচটির G-4 আসনে বসা টিকিটবিহীন যাত্রী মনিরুজ্জামানকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। পরে তার ডান পায়ের মোজার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার মনিরুজ্জামান ওরফে মনির দিনাজপুরের বিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
ডিএনসি কর্মকর্তারা জানান, উদ্ধার করা ইয়াবার চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। মাদক পাচারের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্তে কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. তাহিদুল আলম বাদী হয়ে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন।
ডিএনসি কর্মকর্তারা বলেন, মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী চলমান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

