শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জাহিদ হাসান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার পালাসন এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাহিদ ওই গ্রামের মো. ফরিদ উদ্দিনের ছেলে। পুলিশের দাবি, তার কোনো রাজনৈতিক পদবি নেই।
পুলিশ ও মামলার নথিপত্র সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর শেরপুর বাসস্ট্যান্ডের খেজুরতলা এলাকায় বিএনপির একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, ওই মিছিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা করেন। এ সময় সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে বিএনপির দলীয় কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
ঘটনার প্রায় ১০ মাস পর, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলার তদন্তে জাহিদ হাসানকে আসামি করা হয়।
শেরপুর থানার এসআই জাহিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তে জাহিদ হাসানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

