শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর পৌর শহরের সান্যালপাড়া (টাউন বারোয়ারী) শ্রীশ্রী কালাচাঁদ মন্দিরে রাধাষ্টমী উপলক্ষে চলছে ৬৪ প্রহরব্যাপী শ্রীশ্রী রাধা-কৃষ্ণের লীলা যজ্ঞানুষ্ঠান।
রোববার (২০ সেপ্টেম্বর) ছিল আয়োজনের দ্বিতীয় দিন। এদিন ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। দ্বিতীয় দিনের পালার নাম ছিল ‘মূরলী প্রতি আক্ষেপ’। এতে কীর্তন পরিবেশন করেন সাতক্ষীরার কীর্তনশিল্পী সুলতা মল্লিক।
পূজা, কীর্তনসহ বিভিন্ন ধর্মীয় আয়োজনে মন্দিরজুড়ে সৃষ্টি হয়েছে ভক্তিময় পরিবেশ। দূর-দূরান্ত থেকে আসা সনাতন ধর্মাবলম্বী ভক্তদের উপস্থিতিতে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
এদিকে মন্দিরের পাশেই বসেছে ছোট পরিসরের রাধাষ্টমীর মেলা। মেলায় সারি সারি দোকানে পাওয়া যাচ্ছে পূজার সামগ্রী, প্রসাদের উপকরণ, কটকটি, নারু, জিলাপি, মিষ্টি, ফুচকাসহ বিভিন্ন খাবার ও সামগ্রী।
মেলায় দর্শনার্থীর উপস্থিতি তুলনামূলক কম থাকায় অনেক দোকানি অবসর সময় কাটাচ্ছেন। তবে ছোট পরিসরের এই মেলাতেও রয়েছে উৎসবের পরিচিত আমেজ। দোকানের আলোকসজ্জা, বাহারি পসরা ও খাবারের গন্ধে মন্দিরসংলগ্ন এলাকা হয়ে উঠেছে উৎসবমুখর।
ভক্তি, কীর্তন ও মেলার আনন্দে রাধাষ্টমী উপলক্ষে শ্রীশ্রী কালাচাঁদ মন্দির অঙ্গনে সৃষ্টি হয়েছে উৎসবের আবহ।

