এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় মাদকবিরোধী অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ মো. রনি মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সোনাতলা উপজেলার পাকুল্লা উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার নেতৃত্বে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানকালে পাকুল্লা উত্তরপাড়া এলাকা থেকে রনি মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গ্রেপ্তার রনি মিয়া সোনাতলা উপজেলার পাকুল্লা উত্তরপাড়া এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে।
অভিযান শেষে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে আটক রনিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্যের অপব্যবহার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান।

