https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 8 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়াসহ উত্তরাঞ্চলের উন্নয়নে বড় পরিকল্পনা, শিল্পপার্ক থেকে আন্তর্জাতিক স্টেডিয়াম

admin
August 8, 2026 5:00 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
দীর্ঘদিনের অবহেলা ও উন্নয়ন বৈষম্য কাটিয়ে বগুড়াসহ উত্তরাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে একগুচ্ছ বড় প্রকল্প বাস্তবায়নের কথা জানিয়েছেন সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী। শিল্পপার্ক স্থাপন, রেল যোগাযোগ সম্প্রসারণ, বিমানবন্দরে ফ্লাইট চালু, নগরীর যানজট নিরসনে ওভারপাস নির্মাণ, ক্রীড়াগ্রাম গড়ে তোলা এবং করতোয়া নদী পুনরুজ্জীবনের মতো পরিকল্পনার কথা তুলে ধরেছেন তারা।

শনিবার (৮ আগস্ট) বগুড়া শহরের মমইন কনভেনশন সেন্টারে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানানো হয়। অনুষ্ঠানে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের পক্ষ থেকে বগুড়ার সম্ভাবনা কাজে লাগাতে অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেন, বগুড়ার শিল্প খাতে বিনিয়োগ ও সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সরকারি জরিপেও শিল্প উন্নয়নের চাহিদার বিষয়টি উঠে এসেছে। এ সম্ভাবনা কাজে লাগাতে বগুড়ায় প্রায় ৪০০ একর জমির ওপর বিসিক শিল্পপার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বগুড়া শুধু একটি জেলা নয়, দেশের শিল্প ও ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। স্থানীয় উদ্যোক্তা ও শিল্পের বিকাশে প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল ইসলাম। তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় বগুড়ার মানুষের অবদান গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় ধরে এ অঞ্চলের উন্নয়ন কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি। এখন বগুড়ার উন্নয়নকে জাতীয় অগ্রাধিকারের সঙ্গে যুক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, বগুড়ার মানুষের শ্রম, সততা ও উৎপাদনশীলতাকে কাজে লাগাতে পারলে উত্তরাঞ্চলের অর্থনীতিতে আরও গতি আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বগুড়ার জন্য নেওয়া বিভিন্ন অবকাঠামোগত ও অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, কৃষি উৎপাদনের পাশাপাশি শিল্প ও ব্যবসা-বাণিজ্যেও বগুড়ার অবস্থান শক্তিশালী। জেলার উৎপাদিত বিভিন্ন পণ্যের বড় বাজার রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে এবং বিদেশেও। কিন্তু সম্ভাবনার তুলনায় অবকাঠামোগত সুবিধা এখনও পর্যাপ্ত নয়। বৈষম্যহীন উন্নয়নের নীতিতে বগুড়ার সেই ঘাটতি পূরণে সরকার কাজ করছে।

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণের অগ্রগতি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী এই রেলপথের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। এ রেল যোগাযোগ চালু হলে বগুড়াসহ উত্তরাঞ্চলের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে নতুন সুযোগ সৃষ্টি হবে।
বগুড়া বিমানবন্দর নিয়েও সরকারের উদ্যোগের কথা জানান তিনি। ২০২৭ সালের জানুয়ারির মধ্যে অন্তত অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু করার লক্ষ্যে কাজ চলছে বলে জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি আগামী মাস থেকে বগুড়ায় ড্রোন তৈরির কারখানা স্থাপনের কাজ শুরুর কথাও উল্লেখ করেন তিনি।
নগরীর যানজট কমাতে রেললাইনের ওপর দিয়ে ওভারপাস নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন মীর শাহে আলম। তার মতে, এই অবকাঠামো নির্মিত হলে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর ওপর চাপ কমবে এবং যান চলাচল আরও স্বাভাবিক হবে।

বগুড়ার ঐতিহ্যবাহী করতোয়া নদী পুনরুজ্জীবনের উদ্যোগের কথাও জানান প্রতিমন্ত্রী। সরকারি উদ্যোগে নদীটির হারানো প্রাণ ফিরিয়ে আনার কাজ এগিয়ে চলছে বলে তিনি উল্লেখ করেন।
ক্রীড়া অবকাঠামোর ক্ষেত্রেও বড় পরিকল্পনার কথা জানানো হয় অনুষ্ঠানে। বগুড়া শহরের তিনমাথা এলাকায় একটি ক্রীড়াগ্রাম প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়ামসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া বগুড়ায় একটি বহুমাত্রিক বিশ্ববিদ্যালয় নির্মাণ এবং জেলার যোগাযোগব্যবস্থা আরও শক্তিশালী করতে বগুড়া সড়ক জোন প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও অনুষ্ঠানে উঠে আসে।

বগুড়ার ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের একাধিক জেলার মানুষের যোগাযোগ ও বাণিজ্যের ক্ষেত্রে বগুড়া গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে। কৃষি, শিল্প ও ব্যবসা—তিন ক্ষেত্রেই জেলার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের ঘাটতি পূরণ করে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে বগুড়াকে আরও কার্যকর অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করার লক্ষ্য রয়েছে সরকারের।

অনুষ্ঠানে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ, বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম এবং বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু বক্তব্য দেন।

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সভাপতি আতিকুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
নতুন এসব প্রকল্প ও উদ্যোগ বাস্তবায়িত হলে বগুড়ার শিল্পায়ন, যোগাযোগ, ক্রীড়া, নগর ব্যবস্থাপনা ও আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।