এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলার পশ্চিম গোদারপাড়া এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস উৎপাদনের অভিযোগে ‘ভাই-বোন চিপস ফ্যাক্টরি’র মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, অস্বাস্থ্যকর ও অত্যন্ত নোংরা পরিবেশে চিপস তৈরি করা হচ্ছে। খাদ্যপণ্যে নিষিদ্ধ ‘সাল্টু’ মিশ্রণ এবং চিপস তৈরিতে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি ময়লাযুক্ত পরিবেশে চিপস শুকানো এবং কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানার বিষয়ও নজরে আসে।
এসব অনিয়ম ও অপরাধের ভিত্তিতে কারখানার মালিক মোছাঃ রুমী অপরাধ স্বীকার করায় তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় বগুড়া সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতা করে জেলা পুলিশের একটি দল।
অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

