এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের ছাত্রদল ও যুবদলের নেতা আতিকুর রহমান সাগর হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই ২০২৬) দুপুর ১২টায় সচেতন এলাকাবাসীর উদ্যোগে পাঁচবাড়িয়া হাট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, যুবসমাজ এবং সাধারণ জনগণ অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি পাঁচবাড়িয়া হাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আতিকুর রহমান সাগর শাখারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এবং যুবদলের একজন সক্রিয় নেতা ছিলেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় এলাকায় পরিচিত ও জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাঁর হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে শোক, ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন, জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা অভিযোগ করেন, ঘটনার সঙ্গে জড়িত হিসেবে যাদের নাম বিভিন্নভাবে আলোচনায় এসেছে, তাদের প্রত্যেকের ভূমিকা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে তারা প্রশাসনের প্রতি দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানান।
এ সময় বক্তারা আরও বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে স্থানীয় জনগণ শান্তিপূর্ণ কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখবেন এবং প্রয়োজন হলে আরও কঠোর গণতান্ত্রিক কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে নিহত আতিকুর রহমান সাগরের পরিবারের সদস্যদের মধ্যে বক্তব্য দেন তাঁর বড় ভাই আরিফুল ইসলাম স্বপন, বাবা শাহাদত হোসেন, মা সাজেদা বেগম, স্ত্রী মার্জিয়া বেগম এবং শিশু পুত্র আল সাদিক।
এছাড়াও বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এখলাস হোসেন মণ্ডল, প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সোহেল রানা, ছাত্রদল নেতা সজিব মণ্ডল, সাদেক মণ্ডল, পুটু মিয়া, আব্দুল হান্নান, এরশাদ হোসেন, জোনাব আলী, সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কর্মসূচি শেষে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আতিকুর রহমান সাগর হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

