বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে শনিবার (২২ আগস্ট) থেকে শুরু হচ্ছে বগুড়ার সবচেয়ে বড় ফুটবল আসর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এদিন বিকেল সাড়ে ৩টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। টুর্নামেন্টে জেলার ১৩ টি উপজেলা এবং একটি সিটি কর্পোরেশনসহ মোট ১৪টি দল অংশ নিচ্ছে। দলগুলো দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করছে। এক গ্রুপে রয়েছে-সারিয়াকান্দি, দুপচাঁচিয়া, শেরপুর, সোনাতলা, নন্দীগ্রাম, ধুনট ও বগুড়া সিটি কর্পোরেশন। অপর গ্রুপে রয়েছে-আদমদীঘি, কাহালু, মোকামতলা, শিবগঞ্জ, গাবতলী, শাজাহানপুর ও বগুড়া সদর উপজেলা। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, এবারের টুর্নামেন্টে আকর্ষণীয় ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দল নগদ ৩ লাখ টাকা এবং রানার্সআপ দল নগদ দেড় লাখ টাকা প্রাইজমানি পাবে। এছাড়া প্রতিটি খেলার ম্যান অব দ্য ম্যাচকে ট্রফি এবং নগদ ১২ হাজার টাকা এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ও সর্বোচ্চ গোলদাতাকে ট্রফির পাশাপাশি নগদ ১০ হাজার টাকা করে দেওয়া হবে। তিনি আরও জানান, প্রতিটি দল সর্বোচ্চ চার বহিরাগত খেলোয়াড় মাঠে নামাতে পারবে। এর মধ্যে দুইজন দেশি এবং দুইজন বিদেশি। অবশিষ্ট সাতজন খেলোয়াড় নিজ নিজ উপজেলা থেকেই নিতে হবে।
তিনি জানান, মাঠে দর্শক সংকুলান না হওয়ার আশঙ্কায় মাঠের পূর্ব পাশে দুটি বাঁশের গ্যালারি করা হয়েছে। এছাড়া দর্শকরা যাতে মাঠে বসে খেলা উপভোগ করতে পারেন সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খাজা আবু হায়াত হিরু, শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিলসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

