বগুড়া প্রতিনিধি:
বগুড়া সদর উপজেলার তিনমাথা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক বিভাগের ২০ একর জায়গায় ‘আরাফাত রহমান ন্যাশনাল প্যারা স্পোর্টস ভিলেজ, বগুড়া’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
পুরান বগুড়া ও বেলাইল মৌজায় পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক বিভাগের সম্পূর্ণ ২০ একর জায়গায় এই প্যারা স্পোর্টস ভিলেজ স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কার্যালয় থেকে গত ১২ আগস্ট ২০২৬ তারিখে আধা-সরকারি পত্র জারি করা হয়। পত্রটি ১৩ আগস্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠান বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে প্যারা স্পোর্টস ভিলেজটি স্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আধা-সরকারি পত্র পাঠানো হয়েছে।
প্রস্তাবটি বাস্তবায়িত হলে বগুড়ায় প্রতিবন্ধী ক্রীড়াবিদদের প্রশিক্ষণ, অনুশীলন ও ক্রীড়া কার্যক্রমের জন্য একটি জাতীয় মানের অবকাঠামো গড়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

