বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া শহরের বড়গোলা এলাকায় বেস্ট ইলেকট্রনিক্স দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন—ইমরান হোসেন (৩১), পিতা মো. সেলিম, গ্রাম উত্তর গোদারপাড়া এবং শুভ্র প্রসাদ (৩২), পিতা মৃত গোপী প্রসাদ, গ্রাম নামাজগড় (ডালপট্টি), উভয়েই বগুড়া জেলার বাসিন্দা।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই শামীমসহ ডিবির একটি দল অভিযানটি পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি পাটের চটের বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে ওই ব্যাগের ভেতরে থাকা একটি ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে বিশেষভাবে কসটেপ দিয়ে লাগানো অবস্থায় ১০টি ছোট নীল রঙের পলিথিনের প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ১০০ পিস করে মোট ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

