এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ধর্ষণ মামলার এজাহারভুক্ত এক নম্বর পলাতক আসামি মাসুদকে (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি), বগুড়া। শুক্রবার (২৮ আগস্ট) রাতি অনুমান ১টা ২০ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার আলাদীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাসুদ শিবগঞ্জ উপজেলার আলাদীপুর এলাকার সায়েদ আলীর ছেলে।
র্যাব-১২ সূত্রে জানা যায়, বগুড়া সদর থানার দায়ের করা ধর্ষণ মামলার পর থেকে মাসুদ আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, তিনি শিবগঞ্জ উপজেলার আলাদীপুর এলাকায় অবস্থান করছেন। পরে সিপিএসসি বগুড়ার একটি অভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। এনজিও থেকে ঋণ নেওয়ার বিষয়ে যোগাযোগের সূত্র ধরে ওই নারীর সঙ্গে মাসুদের পরিচয় হয়। একপর্যায়ে মাসুদ ভুক্তভোগীর মোবাইল ফোন নিয়ে তার নিজ বাড়িতে চলে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে মোবাইল ফোনটি ফেরত নেওয়ার জন্য ভুক্তভোগী মাসুদের বাড়িতে গেলে সেখানে অন্য কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ওই ঘটনার ভিডিও ও ছবি ধারণ করা হয়। পরবর্তীতে ধারণ করা ভিডিও ও ছবি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন ও ব্ল্যাকমেইলের মাধ্যমে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলেও মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী ২২ আগস্ট বগুড়া সদর থানায় মামলা করেন। মামলাটির এফআইআর নম্বর ৯৭ এবং জিআর নম্বর ৭৩৪। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ধারায় মামলাটি করা হয়েছে।
র্যাব-১২-এর সিপিএসসি বগুড়া জানায়, গ্রেপ্তারের পর আসামি মাসুদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

