এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
বিজ্ঞান মেলার উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১-বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) মো. রমজান আলী আকন্দ।
নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজের সভাপতি এবং বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী (হিরু) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. আব্দুল গফুর ফকির।
বিজ্ঞান মেলায় প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা নানা ধরনের বিজ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। পরিবেশ, প্রযুক্তি, দৈনন্দিন জীবনের নানা সমস্যা সমাধান এবং বিজ্ঞানভিত্তিক বিভিন্ন ধারণাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের তৈরি প্রকল্পগুলো মেলায় আগ্রহের সৃষ্টি করে।
অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উপস্থাপিত প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও বিজ্ঞানমনস্ক উদ্যোগের প্রশংসা করেন তারা।
আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে হাতে-কলমে বিজ্ঞানচর্চার সুযোগ করে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুসন্ধিৎসু মনোভাব তৈরি এবং ভবিষ্যতে নতুন নতুন উদ্ভাবনে উৎসাহিত করবে।
বিজ্ঞান মেলায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

