মিন্টু ইসলাম: বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বগুড়া জেলায় নতুন নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। নির্দেশনা অনুযায়ী, শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।
জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে বিভিন্ন ধরনের আলোকসজ্জাও বন্ধ রাখতে হবে।
বগুড়া জেলার সব উপজেলায় চলমান ও অনুষ্ঠেয় মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও এ নির্দেশনা প্রযোজ্য হবে।
তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে জারি করা এ নির্দেশনা সবাইকে মেনে চলতে হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান সংশ্লিষ্ট সবাইকে সরকারি নির্দেশনা যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন।

