দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার। একই সঙ্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনেও অংশ নিতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের জন্য ভারত আমন্ত্রণ জানিয়েছে। পাশাপাশি ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্যও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এসব আমন্ত্রণ ইতোমধ্যে বাংলাদেশের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি হলে পরবর্তী সময়ে জানানো হবে।
এর আগে গত মঙ্গলবার (১১ আগস্ট) রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার আমন্ত্রণ জানানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
জ্বালানি সরবরাহ নিয়েও ভারতের ইতিবাচক মনোভাব
শুক্রবারের ব্রিফিংয়ে বাংলাদেশে জ্বালানি সরবরাহের বিষয়েও ভারতের অবস্থান তুলে ধরেন রণধীর জয়সওয়াল।
বাংলাদেশের চলমান জ্বালানি সংকট এবং অতিরিক্ত জ্বালানি সহায়তার অনুরোধের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বাংলাদেশে জ্বালানি সরবরাহের বিষয়টি ভারত ইতিবাচকভাবে বিবেচনা করছে।
তিনি বলেন, ডিজেল সরবরাহের জন্য বাংলাদেশের সঙ্গে ভারতের একটি চলমান চুক্তি রয়েছে, যা এখনো কার্যকর আছে। তবে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ পর্যালোচনার ক্ষেত্রে ভারতের অভ্যন্তরীণ চাহিদা, নিজস্ব শোধন ক্ষমতা এবং দেশে ডিজেলের সামগ্রিক প্রাপ্যতা বিবেচনায় নেওয়া হবে।
ভারতের এ অবস্থান দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

