
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বর্ণাঢ্য র্যালি, মানববন্ধন ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে বগুড়ায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা (মউশিক) শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় বগুড়া বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংগঠনের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের বগুড়া জেলা সভাপতি মাওলানা শাহাদাত হোসেন। বক্তব্য দেন জেলা সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, মহানগর কমিটির সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহীন রেজা, সদর উপজেলা সভাপতি মাওলানা আবু সাঈদ, মাওলানা আব্দুল করিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকা এবং কেয়ারটেকাররা দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এ কার্যক্রমের মাধ্যমে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের মানুষকে পবিত্র কোরআন, হাদিস ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে। পাশাপাশি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা ও জনসচেতনতামূলক তথ্য অল্প সময়ের মধ্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে রাষ্ট্রীয় উন্নয়ন কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তাঁরা।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করলেও সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকা ও কেয়ারটেকারদের চাকরির স্থায়ীকরণ, রাজস্ব খাতে অন্তর্ভুক্তি এবং গ্রেডভিত্তিক বেতন কাঠামো নিশ্চিত করা হয়নি। ফলে তাঁরা নানা ধরনের আর্থিক ও পেশাগত অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
এ সময় বক্তারা সরকারের কাছে তাঁদের চাকরি স্থায়ীকরণ, রাজস্ব খাতে অন্তর্ভুক্তি এবং যথাযথ গ্রেডে বেতন-ভাতা প্রদানের দাবি জানান। একই সঙ্গে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত জনবলের জীবনমান ও কর্মপরিবেশ উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা।
মানববন্ধন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ, সমৃদ্ধি এবং দেশের সার্বিক উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Reporter Name 














